Published : 05 Aug 2026, 06:50 PM
ময়মনসিংহ নগরীতে বৈদ্যুতিক গোলযোগের জেরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার রামবাবু রোডের নূরজাহান ভিলা নামে একটি ভবনে এ অগ্নিকাণ্ড
ঘটে।
আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. সুজাউদ্দিন জানিয়েছেন।
নিহত ময়মুনা জেলার মুক্তাগাছার খিলবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। তারা স্বপরিবারে নূরজাহান ভিলার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
এসআই সুজাউদ্দিন বলেন, “বুধবার সকাল ১০টার দিকে নূরজাহান ভিলার সিঁড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ময়মুনা দ্বিতীয় তলা থেকে চারতলায় ওঠেন। সেখানে অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন।
“পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে নূরজাহান ভিলার নিচতলার সিঁড়িঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশে রাখা একটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা পাঁচতলায় আশ্রয় নেন।
এদিকে ময়মুনার পুত্রবধূ দুই সন্তানকে নিয়ে ভবনের পাঁচতলায় উঠে যান। তবে বৃদ্ধা ময়মুনা একাই চারতলায় ওঠার সময় অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে আগে থেকেই বিদ্যুতের সমস্যা ছিল। বিষয়টি নিয়ে বাড়ির বাসিন্দারা বিদ্যুৎ বিভাগে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। স্থানীয়দের ধারণা, এ কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুব্রত রায় বলছেন, “ওই ভবন থেকে তারা এ ধরনের কোনো অভিযোগ পাননি। অতিরিক্ত লোডের কারণে মিটারে আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে।”
কোতোয়ালি মডেল থানার এসআই সাফায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।