Published : 30 Dec 2023, 04:03 PM
অস্ত্রধারী এক ব্যক্তিকে নিয়ে প্রচার চালানোর অভিযোগে কুমিল্লা-২ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
শোকজ নোটিশে বলা হয়, ২৪ ডিসেম্বর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এলাকায় নির্বাচনি প্রচারে ওই আসনের নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীর নেতাকর্মী ও সমর্থকদের দুই-একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল যা ভিডিও ফুটেজে দেখা যায়। যা গণপ্রতিনিধিত্ব আদেশের অধীন শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া আপনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-৪ কর্তৃক প্রচারিত ২১ ডিসেম্বর প্রজ্ঞাপন লঙ্ঘন করেছেন।
সেখানে আরও বলা হয়, এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ করা হবে না এই মর্মে আপনাকে নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ৩১ ডিসেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।