১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা নাদিম মোস্তফা হত্যা মামলায় গ্রেপ্তার

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় এক পথচারি নিহত হন; ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাদিম মোস্তফা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2022, 03:52 PM

Updated : 22 Nov 2022, 03:52 PM

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাদিম মোস্তফার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

“তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে; সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।”

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। এ উপলক্ষে বিএনপির প্রস্তুতি চলছে। তবে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজশাহীর রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।