‘মুক্তিপণ’ দিয়েছিল পরিবার তবু নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়
বুধবার দুপুরে ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান মা মাধুরী বিশ্বাস।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে ১৬ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশুটিকে ফেরত পাওয়ার জন্য ‘মুক্তিপণ’ও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রাম থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা।
১৬ দিন বয়সী শিশু অর্ণব বিশ্বাস ওই গ্রামের সচীন বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে শিশু অর্ণবকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান তার মা মাধুরী বিশ্বাস। ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এদিকে সন্ধ্যায় শিশুটির বাবা সচীনের মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অনেক অনুরোধের পর ছেলেকে ফিরে পেতে ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে দেন সচীন।
তবুও শিশুকে ফিরে না পেয়ে কাশিয়ানী থানায় অভিযোগ করেন সচীন বিশ্বাস। পরে বৃহস্পতিবার ভোরে পাশের একটি ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখেন স্বজনরা।
এসআই তুষার মৃধা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
“এর মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। দ্রুত আমরা এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারব”, বলেন এ পুলিশ কর্মকর্তা।
