Published : 15 Jul 2026, 11:21 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া জানান।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের সোনাহার মালচণ্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।
স্বজনরা বলেন, দুপুরে ক্ষেতে পাট কাটছিলেন মামুন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময় আকাব্বর খান শিমুলতলী এলাকায় নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি মুসা মিয়া বলেন, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।