আচরণবিধি লঙ্ঘন: জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
প্রার্থী বলেন, তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না। কর্মী-সমর্থকরা ছিল। নোটিশের জবাব দেওয়া হবে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ নিয়ম ভঙ্গ করে বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়।
এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন হয়।
২৫ জানুয়ারি সকাল ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে প্রার্থীকে বলা হয়েছে।
এ ব্যাপারে প্রার্থী শুভ বলেন, তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না। কর্মী-সমর্থকরা ছিল। নোটিশের জবাব দেওয়া হবে।
