কক্সবাজারে সাগরে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
ট্যুরিস্ট পুলিশের এসপি জানান, মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মৃতদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
শনিবার সকাল ৬টায় সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
১৮ বছর বয়সী আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও ভাইয়ের এক বন্ধুসহ সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে করতে যান। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে তিনি ভেসে যান।
নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল।
“পরে শনিবার সকাল ৬টায় সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মৃতদেহ সৈকতে ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি আতহার নূর কাইফের বলে শনাক্ত করে।“
ট্যুরিস্ট পুলিশের এসপি জানান, মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
