Published : 16 Aug 2024, 07:52 PM
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার খালাতো ভাই ও খালাতো ভাইয়ের বন্ধুসহ কলাতলী পয়েন্টে গোসলে নামেন। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আতহার নূর সাগরে ভেসে যান। তখন সঙ্গে থাকা দুজনের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মী উদ্ধারে গেলেও নিখোঁজের সন্ধান পাননি।
তবে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে আতহার নূরের সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।