১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থীকে এ জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই সংসদ সদস্য প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থীকে এ জরিমানা করেন নির্বাচনি দায়িত্ব পাওয়া দুই নির্বাহী হাকিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানিয়েছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী ফতুল্লার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে অনুষ্ঠানে নির্বাচনি প্রচার করায় মনির কাসেমীর প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা করেন ফতুল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

“খেজুর গাছ প্রতীকের ওই প্রার্থী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫ (খ) লঙ্ঘন করেছেন। অনুষ্ঠানের আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তা স্বীকারও করেছেন। বিধি অনুযায়ী প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়”, বলেন এ ম্যাজিস্ট্রেট।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের সঙ্গে টাকা উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

তবে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমীর দাবি, প্রতিষ্ঠানের লোকজনের অনুরোধে তিন বিজয়ী শিক্ষার্থীকে দুই হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন। এই টাকা প্রতিষ্ঠানের লোকজনই সরবরাহ করেছেন। তিনি কেবল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওকে ‘ভোটারদের মাঝে টাকা বিলি’ বলে উপস্থাপন করে ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি মনির হোসাইনের।

এদিকে আড়াইহাজার উপজেলায় গাড়িবহর নিয়ে গণসংযোগ করায় নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, নির্বাচনি আচরণ বিধিমালার ৯(ক) লঙ্ঘন করায় তাকে এ জরিমানা করা হয়।

গেল কয়েকদিনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।