২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে আড়িয়াল খাঁর পানি বিপৎসীমার ওপরে

“ধারাবাহিক পানি বৃদ্ধিতে নদীতে স্রোতের পরিমাণ বেড়েছে। এতে নদ-নদীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

উজান থেকে নেমে আসা পানি ও ধারাবাহিক বৃষ্টিপাতে ফরিদপুর জেলার নদ-নদীর পানি বেড়েই চলেছে। এরই মধ্যে আড়িয়াল খাঁ নদের পানি বিপৎসীমা অতিক্রম করছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, আড়িয়াল খাঁ নদের পানি বেড়ে বিপৎসীমার ১০৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মধুমতির পানিও ৩ সেন্টিমিন্টার বেড়ে ৭ দশমিক ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার কারণে জেলার সদর, সদরপুর, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলার নদীবেষ্টিত ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলে মানুষের যাতায়াতসহ নানা ভোগান্তি বেড়েছে। দেখা দিয়েছে নদী ভাঙন। 

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “ধারাবাহিক পানি বৃদ্ধিতে নদীতে স্রোতের পরিমাণ বেড়েছে। এতে নদ-নদীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন।” 

“আমরা অতি জরুরি স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে যাচ্ছি।” 

সদর উপজেলায় ডিক্রীরচর ইউনিয়ন ও নর্থ চ্যানেল ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সড়কে পানি ওঠায় স্থানীয় লোকজন যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছেন। অধিকাংশ পরিবারের সদস্যরা শিশু ও বৃদ্ধদের নিয়ে পড়েছেন বিপাকে। ছোট ছোট শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে।

নর্থ চ্যানেল ইউপির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, “এভাবে পানি আরও কয়েক দিন বাড়তে থাকলে চরে গো-খাদ্যের সংকট সৃষ্টি হবে।” 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল বলেন, “পানি বৃদ্ধির ফলে ডিক্রীরচর ইনিয়ন পরিষদের অশ্রয়ণ প্রকল্প ঝুঁকির মধ্যে আছে। সেখানে বসবাস কারীদের আমরা অন্য জায়গায় সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।”