নারায়ণগঞ্জে ইপিজেডে পোশাক কারখানার গুদামে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মিরন মিয়া বলেন, গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফ্যাব্রিক্স ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে কারখানাটির ফ্যাব্রিকের গুদামে আগুন লাগে বলে জানান আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
সকাল ১০টার দিকে তিনি বলেন, “নয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে। গুদামের কিছু জায়গায় আগুন এখনো জ্বলছে, তবে তা আর ছড়ানোর শঙ্কা নেই।”
এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও নিশ্চিত করেন এ কর্মকর্তা।
স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের বরাতে মিরন মিয়া বলেন, গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফ্যাব্রিক্স ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শুরুতে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
