চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু: পুলিশ বলছে, ‘পা পিছলে’
একজন দোলনচাঁপা ও আরেকজন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে একই জায়গায় পৃথক ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
দিনাজপুর জিআরপি থানার ওসি আব্দুল মান্নান জানান, শুক্রবার সকাল ৯টায় এবং বেলা ১২টায় এসব দুর্ঘটনা ঘটে।
দুজনই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে কাটা পড়েছেন বলে জানান তিনি।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা আঞ্জুয়ারা বেগম (৬০) ও একই উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের এনতাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।
ওসি মান্নান বলেন, “সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে নিহত হন আঞ্জুয়ারা।
“পরে এই স্থানে বেলা ১২টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে উঠতে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন জিয়াবুর।”
