১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাফলংয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

“শ্রমিক হরেকৃষ্ণ চন্দ্র দাস সোমবার সকালে নিখোঁজ হন।”

জাফলংয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন জানান। 

মৃত শ্রমিক হরেকৃষ্ণ চন্দ্র দাস (৪৮) নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার বাসিন্দা। 

তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করেছিলেন। 

স্থানীয়রা জানান, সোমবার কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু তুলতে যান। এক পর্যায়ে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। 

পরিদর্শক কবীর হোসেন বলেন, “শ্রমিক হরেকৃষ্ণ চন্দ্র দাস সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন। পুলিশ ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।”

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।