Published : 17 Apr 2026, 06:21 PM
কুষ্টিয়ায় মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার প্রায় সব পথেই বাস চলাচল বন্ধ রয়েছে। শুধু ঢাকাগামী বাস চলছে। এতে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, “বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসের মতই কুষ্টিয়া-খুলনা-যশোর পথে আমাদের শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত রয়েছে। অথচ মালিক গ্রুপ তাদের পরিবহনের ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা ভোগ করে; শ্রমিক ইউনিয়নের পরিবহনকে সেটা দেওয়া হয় না।”
তিনি বলেন, “এ নিয়ে ৮ এপ্রিল মালিক গ্রুপের সঙ্গে একটা বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দাবি ১৫ এপ্রিরের মধ্যে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু মালিকরা সেটা মানেননি। এ কারণে আজ সকাল থেকে সব পথে বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।”
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা তাদের দুটি দাবির কথা জানান। একটি হল- পরিবহন চালানোর জন্য মালিকরা যেসব সুযোগ-সুবিধা পায়, তাদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়টি হল- শ্রমিক সংগঠনের মালিকানার একটি বাস কুষ্টিয়া-খুলনা পথে চলাচলের অনুমোদন দিতে হবে।
“শ্রমিকদের এসব দাবি পূরণ না করায় তারা আজ সকাল থেকে সব পথে বাস চলাচল বন্ধ রেখেছে। শুধু কুষ্টিয়া থেকে ঢাকাগামী পথে বাস চলছে।”