১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, খাদে পড়ে আহত ১০

“মোহনপুর মডেল টাউনের সামনে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 11:31 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কার পর দুই বাহনই খাদে পড়ে যায়। এতে আট সেনা সদস্যসহ দশ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনায় আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারী বলে মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আতাউর রহমান বলেন, “মোহনপুর মডেল টাউনের সামনে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে সেনাবাহিনীর পিকআপ ভ্যান ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।