০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেসে’ ট্রেনে কাটা পড়েন তারা।

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ
কুমিল্লা রেলওয়ে স্টেশন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 10:05 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির প্রাণ গেছে; যারা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন বলে জানান স্বজনরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার প্রয়াত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৪)।

স্বজনরা বলছেন, এদিন সকালে তারা মুরাদনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে।

এএসআই মামুনুর রশিদ বলেন, সন্ধ্যায় রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা বেগম বলেন, “তারা সম্পর্কে দাদি-নাতনি। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পাই, তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে রেল স্টেশনে এসে দেখলাম তাদের লাশ পুলিশের কাছে রাখা হয়েছে।”

“আমার ফুফু খুব বেশি চোখে দেখেন না। শুনেছি মুরাদনগর থেকে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল।”

আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।