১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে ঘরে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে থানায়

ব্যবসায়ীর দোকানে কাজ করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু নেশা করায় তাকে কাজ দিতে অস্বীকৃতি জানানো হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 10:51 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

মুন্সীগঞ্জে এক কাপড় ব্যবসায়ীর ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশ দিয়েছে এলাকাবাসী।

রোববার সকালে শহরের জমিদারপাড়ায় ব্যবসায়ী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম।

শান্ত (২৩) একই এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় আহতরা হলেন- জনি ইসলামের স্ত্রী রিতা মনি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে, স্কুলছাত্রী জান্নাতুল ইসলাম রিধি (১১)।

পুলিশ জানায়, সকালে ঘটনার পর এলাকাবাসী শান্তকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্যবসায়ী জনি ইসলাম অভিযোগ করেন, “সকাল সাড়ে ৯টার দিকে বাইরে শব্দ পেয়ে আমার মেয়ে দরজা খুলে দেয়। তখনই শান্ত ভেতরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। আমি টয়লেটে ছিলাম। পরে বের হয়ে বাধা দিতে গেলে আমাকে আঘাত করে। এর আগেও তার বিরুদ্ধে দুইবার সালিশ হয়েছে। সে ডাকাতির উদ্দেশ্যে আমাদের বাড়িতে ঢুকেছিল।”

তিনি বলেন, “আমি ২২ বছর সৌদি আরবে ছিলাম। দেশে ফিরে আমার স্ত্রী-সন্তানের নিরাপত্তা নেই। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে ওসি মো. মমিনুল ইসলাম বলেন, এটি ডাকাতির চেষ্টা ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, “ব্যবসায়ীর দোকানে কাজ করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু নেশা করায় তাকে কাজ দিতে অস্বীকৃতি জানানো হয়। এর জের ধরেই এই ঘটনা ঘটে।”