মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
সায়েম তার পাঁচ বন্ধুর সঙ্গে সীতাকুণ্ড থেকে বান্দরবানের মিনঝিরি হোয়াইট পিক স্টেশন এলাকায় বেড়াতে আসেন।
বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লামা ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ।
নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।”
মিনঝিরি হোয়াইট পিক স্টেশন রিসোর্টের ব্যবস্থাপক মো. আরাফাত বলেন, সায়েম তার পাঁচ বন্ধুর সঙ্গে সীতাকুণ্ড থেকে দুপুর ১২টায় রিসোর্টে আসেন। তাদের নদীর গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও তারা গোসলে নামেন। এক পর্যায়ে সায়েম পানিতে তলিয়ে যান।
লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।
