১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনার দিঘলিয়ায় নিখোঁজ শিশুর মাটিচাপা লাশ প্রতিবেশীর উঠান থেকে উদ্ধার

এ ঘটনায় ফয়সাল শেখ নামে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা প্রবীর।

খুলনার দিঘলিয়ায় নিখোঁজ শিশুর মাটিচাপা লাশ প্রতিবেশীর উঠান থেকে উদ্ধার
জিসান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 12:18 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

খুলনার দিঘলিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাটসংলগ্ন এক প্রতিবেশীর বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রতিবেশী ফয়সাল শেখকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

জিসান নামের সাত বছরের এই শিশুটি বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। 

তার বাবা মো. আলমগীর হোসেন স্থানীয় মণ্ডল জুট টেক্সটাইল মিলে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে কারখানার কোয়ার্টারে থাকেন।

দিঘলিয়া থানার ইন্সপেক্ট (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বলেন, জিসানকে খুঁজে না পাওয়ায় বৃহস্পতিবার তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

“সে জিডির তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় জি এম হান্নান শেখের ছেলে ফয়সাল শেখের সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। তিনি জিসানকে বাড়ির ভেতর নিয়ে গিয়েছিলেন।”

পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জিসানকে হত্যার কথা স্বীকার করেন। পরে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

ইন্সপেক্টর প্রবীর বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। ওই বাড়িতে অন্য কাউকে পাওয়া যায়নি। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।