Published : 08 Sep 2026, 08:17 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি হোটেল দখলচেষ্টার মামলাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
মঙ্গলবার দুপুরে মামলা প্রত্যাহারের দাবিতে রায়পুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন দলটির নেতারা।
মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।
সংবাদ সম্মেলনে শাহরিয়ার ফয়সাল বলেন, “দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। ১০ জুলাই প্রকাশ্যে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ও মামলার বাদী শাহী হোটেলে তালা ঝুলিয়েছেন। অথচ ওই ঘটনায় আমাদের নাম মামলায় কীভাবে এলো?”
তিনি বলেন, শাহী হোটেল পরিচালনাকারী বেলালের সঙ্গে জামাল ও বাপ্পির চুক্তি নিয়ে বিরোধ রয়েছে। এর সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পৃক্ততা নেই।
উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, “রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতেই বিএনপি নেতাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। হোটেল দখলচেষ্টার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা নেই।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন বলেন, কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মেনে নেওয়া হবে না।
মামলার বাদী হাবিব উল্যার অভিযোগ, ৩ জুলাই রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখল চেষ্টা করা হয়। এ সময় তাকে একাধিকবার ভয়ভীতি দেখানো হয়।
এ ঘটনায় ৮ জুলাই তিনি জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে ভূমি বিরোধ নিরোধ আইনে মামলা করেন। এতে ওই ছয়জনকে আসামি করা হয়।
পরে পুলিশ প্রতিবেদন দেয়। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। এরপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
সংবাদ সম্মেলনে রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, পৌর বিএনপি নেতা শফিকুল আলম আলমাস ও আবদুর জাহের মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে হোটেল দখলের মামলায় বিএনপির ছয়জনের বিরুদ্ধে পরোয়ানা