১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে হোটেল দখলের মামলায় বিএনপির ছয়জনের বিরুদ্ধে পরোয়ানা

৩ জুলাই শাহী হোটেলটি দখলের চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:28 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি হোটেল দখলের চেষ্টার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন বলে জানান আদালতের জারিকারক মো. মাসুদ।

পরোয়ানাভুক্তরা হলেন- রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।

রায়পুর বাজারের প্রধান সড়কে শাহী হোটেলটি অবস্থিত।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, ৩ জুলাই শাহী হোটেলটি দখলের চেষ্টা করা হয়। এ সময় হোটেলের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়।

এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। এতে ওই ছয়জনকে আসামি করা হয়।

পরে পুলিশ প্রতিবেদন দেয়। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। এরপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।