১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ‘গয়না ছিনিয়ে নিতে’ নারী দোকানিকে হত্যা

“নিহতের হাতে স্বর্ণের রুলি বালা, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

সাতক্ষীরায় ‘গয়না ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে’ এক নারী দোকানিকে মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন।

তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।  

দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নিহত ৪৫ বছর বয়সী বীথিকা রানী ঘোষ মাগুরা সাধুকাপাড়া গ্রামের বিশ্বনাথ সাধুর স্ত্রী।

নিহতের পরিবারের বরাতে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মাধব দত্ত বলেন, “রোববার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে কে বা কারা বীথিকার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে হামলা চালায়।

“এ সময় তার কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।”

তিনি বলেন, “নিহতের হাতে স্বর্ণের রুলি বালা, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।”

মাধব দত্ত বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

“তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা রেকর্ড হয়নি এবং কাউকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়নি বলে জানা গেছে।”

লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য নজিবুর রহমান টুটুল বলেন, “স্বামীর মৃত্যুর বীথিকা মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদির দোকান চলাতেন। শান্ত ও ভদ্র স্বভাবের এ নারীকে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।”

মামলার প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান বলেন, “এখনও পর্যন্ত ঘটনার কোনো ক্লু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি; মামলাও হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।”