সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
“ওই রোহিঙ্গারা ৫-৬ বছর আগে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল।
সিলেটের সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
এর মধ্যে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার বাগছড়া এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে বিজিবি এবং শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার সীমান্ত মিনাটিলা কেন্দ্রী গ্রামে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।
জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, “জৈন্তাপুরের লালাখাল সীমান্তে মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ চারজন, মহিলা চারজন ও ছয়জন শিশু রয়েছে। ওই রোহিঙ্গারা ৫-৬ বছর আগে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল।’’
এদিকে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “শুক্রবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ১২৮২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ ব্যাটালিয়ন বিএসএফের পুশইন করা ১৭ জন নাগরিককে আটক করেছে বিজিবি।
“আটকদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও সাতজন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জৈন্তাপুর মডেল থানায় হন্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, আটক রোহিঙ্গাদের নাম-পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদারসহ পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
