১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় দিল চিকিৎসক ও কর্মীরা

“৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে পূর্ণ শাটডাউনে যাব।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি দিয়েছেন তারা।  

সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মলেনে হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।”

সৈকত বলেন, “পূর্ণ শাটডাউনের যাওয়ার আগে সোমবার ও মঙ্গলবার হাসপাতালের সামনে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে। এই ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে পূর্ণ শাটডাউনে যাব।

“বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ৪৮ ঘণ্টা আমাদের সার্ভিস চালু রাখবো। তবে এ সময়ের মধ্যে হাসপাতালের কোন কর্মকর্তা ও কর্মচারী বা হাসপাতালের কোন স্থাপনার ওপর হামলা হয়, কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে আমরা তাৎক্ষণিক কর্মবিরতিতে যাবো। আর এ জন্য দায়ী থাকবে হামলাকারীরা।”

সংবাদ সম্মেলনের আগে সভাকক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীরের উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা হয়। 

সভা শেষে পরিচালক কোন কথা বলতে চাননি।

সংবাদ সম্মেলন শেষে হাসপাতালের সামনে বান্দরোডে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেন।

পুরনো খবর

বরিশাল মেডিকেলে মারধর: চিকিৎসকসহ আহত ৩, ইন্টার্নদের কর্মবিরতি