১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে পুকুরে ফেলে শিশুকে হত্যার অভিযোগ

পুলিশ জানায়, সাঁতার না জানা আবু বক্করকে পুকুর পাড় থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় প্রতিবেশী এক কিশোর।

মুন্সীগঞ্জে পুকুরে ফেলে শিশুকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 10:49 PM

Updated : 26 Jun 2023, 10:49 PM

মুন্সীগঞ্জ সদরে এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। 

রোববার সন্ধ্যায় মুক্তারপুরের গোঁসাইবাগে ঘটনাটি ঘটে বলে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান রাত জানান। 

নিহত ৭ বছর বয়সি আবু বক্কর সিদ্দিক গোসাইবাগ এলাকার শুক্কুর ভূঁইয়ার ছেলে। সে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার বিকালে আবু বক্কর একই এলাকার ১৭ বছর বয়সি এক কিশোরের সঙ্গে ফুটবল খেলছিল। খেলা শেষে ওই কিশোর পুকুরে গোসল করতে নামে।

আবু বক্কর সাঁতার না জানায় পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু বক্করকে পুকুরে ফেলে দেয় প্রতিবেশী ওই কিশোর। এতে সে পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শেষে আবু বক্করকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আবু বক্করের দাদা আনোয়ার ভূঁইয়া বলেন, “আমার নাতি সাঁতার জানত না। এটা জানার পরেও তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। সে আমার নাতিকে হত্যা করেছে। আমি বিচার চাই।”

ওই কিশোরের এক মামা বলেন, “খেলার ছলে তাকে পানিতে ফেলে দেয় আমার ভাগ্নে। সে জানত না যে আবু বক্কর সাঁতার জানে না।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।