১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

বাণিজ্য চুক্তির সঙ্গে জড়িত উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি এবং গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতারা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 10:42 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড-এআরটি’ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

মঙ্গলবার বিকালে কর্মসূচির অংশ হিসেবে নগরীর রূপাতলি, চৌমাথা ও নথুল্লাবাদ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। 

পথসভায় বক্তারা বলেন, ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। 

তাদের অভিযোগ, এতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে বিভিন্ন শর্তে বাধ্য করা হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

তারা এই চুক্তিকে অসম ও জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে আলোচনারও আহ্বান জানান। 

পথসভা থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয়। একই সঙ্গে ‘দেশ বিক্রির’ বাণিজ্য চুক্তির সঙ্গে জড়িত উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি এবং গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতারা। 

সভা থেকে ২৭ এপ্রিল জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।