১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

বেশ কিছুদিন ধরে অভয়নগরে ইজিবাইক চুরির ঘটনার মধ্যে গণপিটুনির ঘটনা ঘটল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 05:58 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪১ বছর। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি নূরুজ্জামান বলেন, দুপুরে ইজিবাইক চোর সন্দেহে একজনকে পিটুনি দেয় জনতা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

ওসি নূরুজ্জামান বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলায় ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সবশেষ সোমবার সকালে চলিশিয়ায় শরিফুল ইসলামের ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এর মধ্যে গণপিটুনির ঘটনা ঘটল।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।