Published : 29 Apr 2026, 03:27 PM
নড়াইলের কালিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যালয়ের উপর নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকার শামসুনাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
আহতরা হলো- উপজেলার ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিদ্যালয়ের পাশে থাকা একটি পুরাতন নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের উপর পড়ে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ছাড়া অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা হুমায়ুন বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, “আহতদের চিকিৎসার সব ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”