নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
দুপুরে দুই বোন পুকুরে গোসলে নেমে সবার অগোচরে তলিয়ে যায় বলে স্বজনরা জানান।
নরসিংদীর শিবপুরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।
নিহতরা হল শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) ও মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
শিশু দুটির স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে ফুফাতো বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে দুই বোন সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আফজাল হোসাইন বলেন, “সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
