Published : 11 Mar 2026, 05:28 PM
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া।
মৃত রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে কারাগারে ছিলেন।
কারাগার থেকে জানা গেছে, কয়েকদিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। এরপর থেকে কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল।
এদিন সকালে কারাগারের বাথরুমে পড়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার বিল্লাল মিয়া বলেন, রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ওই এলাকার এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় মারা যান।
ঘটনার পরদিন এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেলসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।