১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরতে কক্সবাজার থেকে ট্রাকে বরফ এলো লক্ষ্মীপুরে

অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 10:19 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

লক্ষ্মীপুরে রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে বরফ বোঝাই ট্রাক, ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। 

শুক্রবার রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। 

তিনি বলেন, জেলেরা কক্সবাজার থেকে ট্রাকে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর রমিজ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে প্রায় ১০ হাজার মিটার জাল, দুটি মাছ ধরার বড় ট্রলার, বরফবাহী ২টি ট্রাক এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। জব্দ করা নৌযান, মোটরযান এবং জাল ও অন্যান্য সামগ্রী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে। 

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামানসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে গেলে জেল, জরিমানা ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।