Published : 05 Nov 2025, 05:27 PM
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মথ বীজে রং মিশিয়ে মুগ ডাল বলে বিক্রির দায়ে টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকারের আসাদুজ্জামান রুমেল বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে বিক্রি করছেন। এমন অভিযোগে ছয়আনী বাজারে অভিযান পরিচালনা করে প্রমাণও পেয়েছি। পরে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি জানান, যেখান থেকে ডাল কেনা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ডাল ফেরত দিতে হবে এবং তার মেমো দেখাতে বলা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিছুদিন আগে নিরাপদ খাদ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। মুগ ডাল কেনার সময় রং দেওয়া আছে কিনা সেটি যাচাই করার জন্য সংস্থাটি আহ্বান জানায়।