Published : 16 Jul 2025, 01:56 PM
দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে কারাগার থেকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৬টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।
৪৬ বছর বয়সী শামসুল হক মণ্ডল মাদকের একটি মামলায় পাঁচ বছর, একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে আরেকটি মামলা বিচারাধীন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় বন্দরপাড়ায়।
জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর ৫টা ৫৪ মিনিটে শামসুল হক মণ্ডলকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করলে সেখানে সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। চিকিৎসক মৃত্যুর কারণ উল্লেখ করেছেন ‘স্ট্রোক’।
ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার।