দৌলতদিয়া যৌনপল্লীতে এক নারীকে হত্যা
দিনের কোনো একসময় নিজ ঘরের ভেতর তাকে হত্যার কথা বলছে পুলিশ।
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিজ ঘরে খুন হয়েছেন এক নারী।
বুধবার রাত ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম।
তিনি বলেন, হত্যার শিকার হুছনে আরা খাতুনের (৩০) মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সফিকুল বলেন, হুছনে আরা যৌনপল্লীতে বসবাস করতেন। দিনের কোনো একসময় নিজ ঘরের ভেতর তাকে হত্যা করা হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সেটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।
