Published : 13 Apr 2026, 09:03 PM
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জোট ছাড়া এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে এনসিপি। এজন্য তারা প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে।
সোমবার বিকালে নগরীর কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেভাবে এনসিপি প্রার্থীদের উপর আস্থা রেখেছে আমরা আশা করছি স্থানীয় সরকার নির্বাচনেও তারা এনসিপির প্রার্থীদেরকেই বেছে নেবেন। ”
তিনি বলেন, “তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে এনসিপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কুমিল্লা নগরীর মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবেন।”
তারিকুল ইসলাম বলেন, “জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। ইতোমধ্যে পাঁচটি সিটি করপোরেশনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে, যাতে নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে অংশ নিয়েছিল এনসিপি। ওই নির্বাচনে দলটি ৩০টি আসনে প্রার্থী দিয়ে ৬টিতে জয় পায়।
কিন্তু আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এনসিপি জোটের বাইরে গিয়ে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর প্রধান সমন্বয়কারী সিরাজুল হক।