আদিতমারীতে ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
“আপনাদের এই যোগদানে বিএনপি আরও শক্তিশালী হল।”
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী এলাকায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন বলে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান হবি জানিয়েছেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে হাবিবুর রহমান হবিসহ জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল বক্তব্য দেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রোকন বলেন, “আপনাদের এই যোগদানে বিএনপি আরও শক্তিশালী হল। বিএনপিতে কোনো সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই, যোগ্যতার ভিত্তিতেই সবাই এগিয়ে যাবে।”
আগামী নির্বাচনে জনগণের রায় পেলে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আদিমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
