ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১২
আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে একটি হানিফ পরিবহনের বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে নবগ্রাম এলাকায় আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে গুরুতর ৪ থেকে ৫ জনকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি হারুন অর রশিদ বলেন, খুলনা থেকে ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে বাসটি দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে ঢাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এ দুর্ঘটনায় ১২ জনের মতো আহত হয়েছেন; তবে কেউ নিহত হননি।
দুর্ঘটনার পর পরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
