Published : 07 Sep 2025, 12:14 PM
ফেনীর সদর উপজেলায় ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন বাস চালকের সহকারী ও আরেকজন সুপারভাইজার।
রোববার সকালে উপজেলার হাফেজিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় বাস চালক গুরুতর আহত হয়েছেন বলে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ জানিয়েছেন।
নিহতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া থানার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সুপারভাইজার ৩৬ বছর বয়সী রবিউল ইসলাম এবং যশোর জেলার ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে চালকের সহকারী ৬০ বছর বয়সী মো. রফিক।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আর আহত বাস চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি হারুন উর রশিদ বলেন, “হাফিজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে বালুবাহী একটি ট্রাক হঠাৎ ব্রেক ধরলে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার, সুপারভাইজার ও চালক গুরুতর আহত হন।
“খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিকের মৃত্যু হয়।”
এ দুর্ঘটনায় বাসের ৬ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।
দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে জানিয়ে ওসি হারুন উর রশিদ বলেন, “দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”