বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
“বিরোধপূর্ণ ওই জমির একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমি থেকে বেল পারা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে এ ঘটনায় দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন বলে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান।
নিহত ৩০ বছর বয়সী যুবক রাজিব হোসেন নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে এবং ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি।
আহতরা হলেন-নিহত রাজিবের স্ত্রী সুমি বেগম, তার পক্ষের পংভাদ্রা গ্রামের স্বপন (৪২), রাজিয়া বেগম (৬০) এবং অপর পক্ষের পংভাদ্রা গ্রামের কলিম উদ্দিনের ছেলে আজাহার (৫৫), তার ছেলে শান্ত (৩০), পলাশ (৪৮) ও রুবেল (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “পংভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্র্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমির একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
“এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারাল অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।“
পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন তারা।
