২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পুকুরে নারীর বিবস্ত্র লাশ, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

ময়মনসিংহে একদিন আগে দুপুরে বাড়ি থেকে বের হয়ে ওই নারী নিখোঁজ হয় বলে জানান স্বজনরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ময়মনসিংহ সদর উপজেলায় পুকুরে  মানসিক ভারসাম্যহীন এক নারীর বিবস্ত্র লাশ পাওয়া গেছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

শুক্রবার দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকার একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

নিহত রাজিয়া খাতুন (৩০) ওই এলাকার তাহের মিস্ত্রির মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি পরিবারের।

পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকালে ওই এলাকার পুকুরে বিবস্ত্র মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাজিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, “আমার মেয়ে বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করি। কোথাও আর তার সন্ধান পাওয়া যায়নি। সকালে খবর পাই পুকুরে তার লাশ ভাসছে।

“মৃতদেহ উদ্ধারের সময় শরীরে কোনো পোশাক ছিল না। আমার মেয়েটাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি-না বা কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্তের পর বলা যাবে বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।