বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ
তার সন্ধানে বিজিবি, ফায়াস সার্ভিস এবং স্থানীয়রা মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একটি ঝরনা দেখতে গিয়ে প্রবল স্রোতে ভেসে এক যুবকের নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি ফাত্রাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান।
নিখোঁজ ১৮ বছর বয়সী হাফেজ মেহরাব হোসাইন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
ওসি মাসরুরুল হক বলেন, “মঙ্গলবার ১৮ জনের একটি দল ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া খালের মংজয়পাড়া ঝরনা দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হঠাৎ বৈরি আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আসে এবং খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়।
“খালের তীরের গাছ-বাঁশ ধরে ধরে ফিরে আসার সময় ঢলের তোড়ে মেহরাব মুহূর্তেই ভেসে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি।”
তার সন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “এক যুবক ফাত্রাঝিরি ঝরনা থেকে ফেরার পথে পানির স্রোতে ভেসে যায়। এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
