১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অভিমানে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কিশোরীর দেয়াল চাপা মরদেহ

শাহীন তার মায়ের সোনার গহনা হারিয়ে ফেলেছিল। এ নিয়ে বকাবকি করলে মায়ের সঙ্গে অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায়।

অভিমানে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কিশোরীর দেয়াল চাপা মরদেহ
শাহীন আক্তার।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

লক্ষ্মীপুরে বকাবকি করায় অভিমানে ঘর থেকে বের হয়ে যাওয়া এক কিশোরীর মরদেহ ভাঙা দেওয়ালের নীচ থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার  দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ। 

নিহত শাহীন আক্তার (১৪) ওই গ্রামের ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে ও স্থানীয় আয়েশা মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা শাহজাহান বলেন, শাহীন তার মায়ের স্বর্ণের গহনা হারিয়ে ফেলেছিল। এ নিয়ে বকাবকি করলে রোববার সকালে মায়ের সঙ্গে অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

পরে সোমবার সকালে ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাণাধীন ভবনের দেওয়ালের নিচে চাপা পড়ে থাকা তার মরদেহ দেখে স্থানীয়রা। 

ওসি আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে কখন থেকে সে দেওয়াল চাপা পড়ে রয়েছে তা নিশ্চিত করা যায়নি।

ঘটনাটির তদন্ত চলছে; পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।