Published : 12 Sep 2026, 09:23 PM
নওগাঁর আত্রাই উপজেলায় ধর্ষণ মামলায় এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ভোঁপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি মাহবুব আলম।
গ্রেপ্তার মো. নাজিমুদ্দিন উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
মামলা থেকে জানা গেছে, নাজিমুদ্দিন ৩৫ বছরের এক নারীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ওই নারী বাদী হয়ে নাজিমুদ্দিনকে আসামি করে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
ওসি মাহবুব আলম বলেন, সকালে নাজিমুদ্দিনকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।
নাজিমুদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।