১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্ষে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটা আত্মহত্যা।

মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
উচ্ছ্বাস কর্মকার

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 01:24 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধার হওয়া উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরছেন, ওই ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে থাকে। এর একটি কক্ষে উচ্ছ্বাস থাকত। মঙ্গলবার সারাদিন তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। রাতে সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। পাশের কক্ষের শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানায়। 

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর গাজী সাখাওয়াত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি।  পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

বরিশাল বন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, “লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুইদিন আগে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কক্ষে থাকা ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।