১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 06:59 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার বিকালে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, ভোররাতে ধনতলা বাজার কলাবাড়ির দক্ষিণ বেতগাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাবিবুর রহমান (২৫) দক্ষিণ বেতগাড়ী কলাবাড়ি এলাকার মো. নয়া মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের গঙ্গাচড়া থানার একটি বাজারে এক ব্যক্তি দোকান করছিলেন। এ সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে এক ব্যক্তি চুপিসারে ঘরে প্রবেশ করে এবং ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী কোনোভাবে নিজেকে মুক্ত করে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে একটি ঘরে আটকে রাখে।

পরবর্তীতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর

পরিবারের লোকজন মারধরের শিকার হন এবং ভুক্তভোগীর স্বামীকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।