সিলেটে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী
চিকিৎসক জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া দুই ছেলে ও এক মেয়ে সন্তান এবং মা সম্পূর্ণ সুস্থ আছেন।
সিলেটে একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।
বৃহস্পতিবার বিকালে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।
ফেয়ার হেলথ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের বলেন, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমবাগের বাসিন্দা নজরুল ইসলাম তার গর্ভবতী স্ত্রী ডলি বেগমকে সেখানে ভর্তি করেন। অস্ত্রোপচার শেষে মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
তিনি বলেন, চিকিৎসক গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।
শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন।
