Published : 02 May 2026, 01:33 PM
ঝালকাঠির রাজাপুরে এক কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।
লাশ উদ্ধার হওয়া মণি আক্তার (২৫) উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নূর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল। তবে গত ৫-৬ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে এবং মণি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মণি আক্তারের ভাই ওমর ফারুক বলেন, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।
পরিবারের অভিযোগ, নূর উদ্দিন দীর্ঘদিন ধরে মণি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
তবে নূর উদ্দিন বলেন, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী দরজা লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। পরে ভয়ে বাসা থেকে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে যান।
ওসি সুজন বিশ্বাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি।