Published : 03 Jul 2026, 11:15 PM
খুলনা নগরীতে গুলিতে এক কিশোরী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনা মহানগর পুলিশের সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
গুলিবিদ্ধ ইতি ওই এলাকার জুলফিকারের মেয়ে। সে রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা বলছেন, ইতি নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের বোন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পরপরই অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সদর থানার ওসি শফিকুল বলেন, “কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।