১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, তরুণকে পিটিয়ে পুলিশে দিল জনতা

ঘটনার পর পাশের একটি বাসা থেকে গায়ে কাদা মাখা অবস্থায় ওই তরুণকে আটক করেন স্থানীয় লোকজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 02:21 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

নোয়াখালীতে বাসার ভেতরে অপরিচিত এক তরুণকে দেখে চিৎকার করায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

পরে স্থানীয় লোকজন ওই তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

বুধবার সকাল ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুরে বসুন্ধরা কলোনির পাশে টুনি বাড়িতে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।

আহত ১২ বছর বয়সী আফরা ইভনাত ওই এলাকার এবিএম মোকাররম হোসেনের মেয়ে এবং হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

তার মাথা, হাত, পিঠ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আটক যুবক নিজেকে জিসান ও মেহেদি এই দুই নামে পরিচয় দিয়েছে। তার বাড়ি কুমিল্লার শাসনগাছা এলাকায় বলে জানিয়েছে সে।

আহত স্কুলছাত্রী আফরা ইভনাত বলেন, সকাল ৮টার দিকে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এ সময় তার মা বাসার বাইরে ছিলেন এবং বাবা পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসার একটি কক্ষে এক অপরিচিত তরুণকে দেখে চিৎকার দিয়ে ওঠে সে। এরপর ওই তরুণ চলে যাওয়ার সময় তাকে ঝাপটে ধরার চেষ্টা করে।

মেয়েটির ভাষ্য, এ সময় ওই তরুণ ধারালো কোনো বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মেয়েটির বাবা মোকাররম হোসেন বলেন, ঘটনার পর পাশের একটি বাসা থেকে গায়ে কাদা মাখা অবস্থায় ওই তরুণকে আটক করেন স্থানীয় লোকজন। এ সময় সে নিজেকে মাদক বিক্রেতা পরিচয় দেয়।”

ওই তরুণের ভাষ্য, “গত রাতে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নোয়াখালী স্টেশনে নামে সে। সেখানে প্ল্যাটফর্মে সাদ্দাম নামের এক যুবকের কাছে গাঁজাগুলো বিক্রি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বসুন্ধরা কলোনির পাশ দিয়ে পালাচ্ছিল সে।”

ওসি নজরুল ইসলাম বলেন, “স্থানীয় লোকজন ওই তরুণেকে আটক করে পিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”