Published : 23 Jun 2026, 07:51 PM
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
এ মামলায় এজাহারভুক্ত একজনসহ গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহারভূক্ত আসামি শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) এবং কিসমত গণকৈড় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুদ রানা (৩২)।
ওসি পঞ্চনন্দ সরকার বলেন, সোমবার রাতে দুর্গাপুর থানার এসআই নওশাদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রাহমান মিঠুসহ ৭৪ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকি ৬০ জন অজ্ঞাত পরিচয় বলে জানান তিনি।

মামলা থেকে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকায় সেতুর উত্তর পাশে ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ঝটিকা মিছিলে অংশ নেয় ১৩ জন। ‘শরীফ চেয়ারম্যান’ নামের একটি ফেইসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার করা হয়।
মামলায় বাদী বলেন, সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের পরিকল্পনা ও নির্দেশনায় আসামিরা সরকারবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
ওসি পঞ্চনন্দ সরকার বলেন, এ মামলায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।